পটিয়ায় মহিষ চড়ানো বিরোধে কিশোরের মৃত্যু, আটক ১

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মহিষ চড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ হাসান বাবু (১৬) নামে এক কিশোর হত্যার ঘটনায় প্রধান আসামি মোঃ জয়নাল আবেদীন প্রকাশ লিমন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নাল আবেদীন পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ আবুল কাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী এলাকার একটি বিলে মহিষ চড়ানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে হাসান বাবুকে মারধরের একপর্যায়ে গলাচেপে হত্যা করা হয়। পরে তার মরদেহ বিলের মধ্যে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি সোমবার (১৬ মার্চ) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: Content is protected !!