পরিবহন স্বল্পতায় বনপাড়া বাইপাসে অপেক্ষায় শত শত যাত্রী

মোঃ পায়েল মৃধা | নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় সৃষ্টি হয়েছে চরম যানজট ও গণপরিবহন সংকট। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

সরেজমিনে দেখা যায়, যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় পরিবহন সংকট তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পরিবহন চালক ও মালিক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়াও নেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিবহন সংশ্লিষ্টরা তেলের দাম বৃদ্ধি, যানজট এবং সড়কের বেহাল অবস্থার মতো বিভিন্ন কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

অন্যদিকে পরিবহন শ্রমিকদের দাবি, যানজট ও সড়কের খারাপ অবস্থার কারণে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এতে তাদের পরিচালন ব্যয়ও বেড়ে যাচ্ছে বলে জানান তারা।

তবে যাত্রীরা এই অতিরিক্ত ভাড়া আদায়কে ‘দিনেদুপুরে ডাকাতি’ বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ঈদের পর একই ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা যায়।

error: Content is protected !!