আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার হয়েছে উল্লেখ করে এসব অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান।
সোমবার (২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স’-এর কনসালটেন্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা, আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুরো কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার সুস্পষ্ট নির্দেশনাও দেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা বর্তমান অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।