পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। বুধবার সকালে বিরু মোল্লা কিছু লোক নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান এবং বিষয়টি নিয়ে কথা বলতে চায়। একপর্যায়ে কথা-কাটাকাটির সময় জহুরুল ও তার ছেলে ফাঁকা গুলি ছোড়ে। বিরু মোল্লা এগিয়ে গেলে জহুরুল তার দিকে লক্ষ্য করে গুলি করেন, এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন বিরু মোল্লা। কিন্তু বাড়ির ভেতর থেকে তার ওপর গুলি করা হয়। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, বিরু মোল্লা এলাকায় সক্রিয় রাজনীতিক ছিলেন এবং তার হত্যার ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

error: Content is protected !!