সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান।
বিএনপিতে যুক্ত হওয়ার পর ড. রেজা কিবরিয়া জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তার রয়েছে।
অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপিতে যোগ দেওয়ার পেছনে আমার প্রধান কারণ—এই দল দেশের গণতন্ত্রকে দু’বার রক্ষা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার রাজনৈতিক অনুপ্রেরণা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি এখনো মানুষের কাছে জনপ্রিয়।”
তরুণ নেতৃত্ব ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে রেজা কিবরিয়া আরও বলেন, “বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের রাজনৈতিক ধারা ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।”