পুলিশের নতুন পোশাক: জেলা পুলিশ পাবে ধাপে ধাপে

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দেশে পুলিশ বাহিনী সংস্কার ও নতুন পোশাকের দাবি জোরালো হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরা বিদ্যমান ইউনিফর্ম পরিবর্তনের দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক ব্যবহার শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার সদস্যরাও নতুন ইউনিফর্ম পাবেন।

নতুন পোশাকে মহানগর পুলিশকে দেওয়া হয়েছে লোহার (আয়রন) রঙের সুন্দর, আধুনিক ও আরও দৃশ্যমান ইউনিফর্ম। একই ধরনের ইউনিফর্ম পরবে পুলিশের বিশেষায়িত চার ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, “আজ (১৫ নভেম্বর) থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্যই এই নতুন পোশাক পাবেন।”

পুলিশ বাহিনীর নীতিনির্ধারকদের মতে, নতুন পোশাক শুধু বাহিনীর ভাবমূর্তিই উন্নত করবে না, বরং মাঠপর্যায়ের সদস্যদের কাজে আনবে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস।

—দেশ এডিশন

error: Content is protected !!