প্রকল্প বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছে না কৃষক

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় বিপুল অর্থ ব্যয়ে খাল নির্মাণ ও সংস্কার করা হলেও পানির অভাবে প্রকল্পটির সুফল পাচ্ছেন না কৃষকরা। অবকাঠামো প্রস্তুত থাকলেও তিস্তা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় সেচ ক্যানেলগুলোতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা যাচ্ছে না। ফলে হাজার হাজার কৃষক এখন ব্যয়বহুল বিকল্প সেচ ব্যবস্থার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, শুষ্ক মৌসুমে তিস্তা নদীর অনেক অংশে পানির পরিবর্তে বালুর চর জেগে উঠেছে। বর্ষা মৌসুমে নদীতে পানিপ্রবাহ উল্লেখযোগ্য থাকলেও শুষ্ক সময়ে তা আশঙ্কাজনকভাবে কমে যায়। এর প্রভাব সরাসরি পড়ছে সেচ ব্যবস্থার ওপর।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সেচ ক্যানেল, গেট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হলেও পানির অভাবে সেগুলো কার্যত অকার্যকর হয়ে আছে। গঙ্গাচড়ার বড়বিল এলাকার কৃষক নূরুল হুদা জানান, তিস্তার পানি পেলে বিঘাপ্রতি সেচ খরচ হতো মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু এখন ডিজেলচালিত শ্যালো মেশিন ব্যবহার করায় খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে আলমবিদিতর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, অবকাঠামো থাকলেও নিয়মিত পানি না পাওয়ায় তারা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আরেক কৃষক এসোব আলী বলেন, সেচ সুবিধার আশায় চাষাবাদ শুরু করলেও এখন বাড়তি খরচের কারণে লাভের পরিবর্তে লোকসানের ঝুঁকি বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, শুষ্ক মৌসুমে উজানে পানিপ্রবাহ কমে যাওয়াই এ সমস্যার অন্যতম কারণ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নদীতে পানির প্রবাহ স্বাভাবিক না থাকলে সেচ প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।

গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, বর্তমানে বোরো মৌসুম চলায় নিয়মিত সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্যানেলে পানি না থাকায় পরিকল্পনা অনুযায়ী সেচ দেওয়া যাচ্ছে না, যা উৎপাদন ব্যয় বাড়ানোর পাশাপাশি ফলনের ওপরও অনিশ্চয়তা তৈরি করছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, তিস্তা নদীতে পর্যাপ্ত পানিপ্রবাহ না থাকায় সেচ ক্যানেলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে তিস্তার পানিপ্রবাহ নিশ্চিত করা না হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

error: Content is protected !!