শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি) ও মধুটিলা একাদশ (সবুজ) দলের মাঝে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মাঠজুড়ে ছিল দর্শকদের উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গজনী একাদশ ৩-১ গোলে মধুটিলা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও মনোবল বৃদ্ধি করার জন্য নিয়মিতভাবেই এ ধরনের ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে আসছে তারা।