ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজারহাটে সংঘর্ষ, আহত ছাত্রদল নেতা

হাফিজুর রহমান, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ছাত্রদল নেতা আশরাফুল মিয়া গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র‍্যাবেনকে নিয়ে “সাইলেন্ট আশরাফুল” নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজারহাট রেলগেট এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির ব্যানার টানানোকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই মধ্যে সাবেক ছাত্রদলের সদস্য আশরাফুল মিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এনসিপির ব্যানার ও রাজনৈতিক অবস্থান নিয়ে একটি পোস্ট দেন। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে আশরাফুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে রাজারহাট রেলগেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশিদ জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশ এডিশন/হাফিজুর রহমান/রাজারহাট/২০২৬

error: Content is protected !!