বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের আহ্বান: ফলাফল না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারায় থাকার অনুরোধ

প্রকাশ: ৫ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে ভোটকেন্দ্রগুলো পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, “গতকাল থেকেই আপনারা সব গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের পরিবেশে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।”

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারীদের হেনস্তা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জামায়াত আমির দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।”

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করার আহ্বান জানান তিনি।

দেশ এডিশন পর্যবেক্ষণ:
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

error: Content is protected !!