বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী, নির্দেশনায় থাকা ব্যাংকগুলো হলো—
সোশ্যাল ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
এক্সিম ব্যাংক
ইউনিয়ন ব্যাংক
গ্লোবাল ইসলামী ব্যাংক
জানা গেছে, এই পাঁচটি ব্যাংকের দায়, সম্পদ ও জনবল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে অধিগ্রহণ করা হচ্ছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ধাপে ধাপে এসব ব্যাংক বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক খাতে চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনা করা হবে।
নির্দেশনা অনুযায়ী,
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না
নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে
পুনর্গণনা প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এই পাঁচ ব্যাংকের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা বাদ দিয়েই আমানতের স্থিতি নির্ধারণ করা হবে।