বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে কড়া নজরদারিতে

দেশ এডিশন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে


প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত শেষ করতে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। প্রবাসীদের দাখিল করা ভোটার নিবন্ধন আবেদনগুলোর তদন্ত ও নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত সব আবেদনের তদন্ত কার্যক্রম শেষ করে ৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এনআইডির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদনগুলো CMS পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন।

তদন্ত শেষে নির্ধারিত ছক অনুযায়ী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এনআইডি মহাপরিচালকের বরাবর প্রতিবেদন পাঠাতে হবে।

এনআইডি আরও জানিয়েছে, এক সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকলে সেটি বাতিল না করে কেবল ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে প্রতিবেদনে উল্লেখ করতে হবে। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা হলে সেসব আবেদনের তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!