সাত নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলার সংকল্পে ১৯৭৫ সালের এই দিনে মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।”
তিনি আরও বলেন, “১৯৭৫ সালের তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তখন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।”
জামায়াত আমির বলেন, “আমরা এমন এক সময়ে সাত নভেম্বর পালন করতে যাচ্ছি, যখন জাতি আবারও গভীর সংকটে রয়েছে। দেশবিরোধী চক্রান্তে যদি ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসে, তাহলে জাতি মহাসঙ্কটে নিপতিত হবে।”
তিনি দেশ ও জাতিকে রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দল, মত ও শ্রেণিপেশার মানুষ, বর্তমান সরকার এবং সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।