ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইব্রাহীম খলিল

বিশেষ প্রতিনিধি: মাজহারুল ইসলাম বাদল
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম খলিল।

তিনি নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা এবং নিয়মিত পাঠদানের মাধ্যমে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সুপরিচিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, মোঃ ইব্রাহীম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের সন্তান। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে প্রশংসা অর্জন করেন।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণা ও প্রকাশনা এবং পাঠ উপস্থাপনের দক্ষতাসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

এ সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ ইব্রাহীম খলিল মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। পাশাপাশি তিনি সকলের দোয়া কামনা করেন।

error: Content is protected !!