ভারতে পালিয়ে গেছে হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম

দেশ এডিশন | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সায়ের জানান, ১২ ডিসেম্বর সন্ধ্যায় তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

সায়ের আরও উল্লেখ করেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তিনি জানান, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং একই ধরনের আরও কয়েকটি ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে।

পোস্টে বলা হয়েছে, মূল শ্যুটার ফয়সাল জানিয়েছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হওয়ায় তিনি মাত্র একটি গুলি করতে সক্ষম হয়েছেন। তার মূল পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

জুলকারনাইন সায়ের আরও উল্লেখ করেছেন, ফয়সালের মতো আরও একজন অস্ত্রধারী ছিলেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদ। গত ১৩ মে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান।

সায়ের তার পোস্টে সতর্ক করেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডার জামিনে মুক্ত রয়েছে, তাদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে সরকারের নজরদারি জরুরি।

সরকারি কোনো দপ্তর এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

error: Content is protected !!