ফলের বাজারে দাম নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে ভোজ্যতেলসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি হলে সরকার তা নজরদারিতে রাখছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে বাজারে থাকা বেশিরভাগ পণ্য আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হওয়ার আগেই দেশে আমদানি করা হয়েছে। জ্বালানি তেলেরও পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিশ্ববাজারে দাম বাড়লে বা সরবরাহে চাপ তৈরি হলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক পণ্যের দামের মধ্যে অস্বাভাবিক পার্থক্য দেখা যায়। এ বিষয়ে প্রকৃত কারণ খুঁজে বের করতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্টদের নিয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এই কমিটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

বাংলাদেশ এখনো অনেক ক্ষেত্রে আমদানিনির্ভর উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে দেশের বাজারেও প্রভাব পড়া স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কারণে যাতে অযৌক্তিকভাবে দাম না বাড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারের দায়িত্ব হলো ব্যবসা ও বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখা। পাশাপাশি বাজার তদারকির সময় ব্যবসায়ীদের যেন অপ্রয়োজনীয় হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিদেশি ফল আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, আপেল, আঙুর ও কমলার মতো কিছু ফল সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। তবে বিলাসবহুল ও উচ্চমূল্যের ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

error: Content is protected !!