মধ্যরাতে পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে আগুন আ*ত/ঙ্কে পরিবার তদন্তে নেমেছে পুলিশ

দেশ এডিশন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় তার পারিবারিক বাসভবন “শ্যামা পাখি”র মূল গেটে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুই যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টা ৬ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুই যুবক বাসার সামনে এসে পলিথিন জাতীয় কিছুতে আগুন জ্বালিয়ে মোবাইল ফোনে ছবি তুলে দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।

ঘটনাটি প্রথমে পরিবারের পক্ষ থেকে গোপন রাখার চেষ্টা করা হলেও বুধবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৮টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

পিনাকী ভট্টাচার্যের মামা সুব্রত ভৌমিক বলেন, “ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।” তিনি বিষয়টি প্রচার না করার অনুরোধ জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলিথিন জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছিল। দায়ীদের সনাক্তে পুলিশ কাজ করছে।”

উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সক্রিয়ভাবে মত প্রকাশ করে আসছেন।

সূত্র: স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী তথ্য।

error: Content is protected !!