মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় উত্তেজনা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

হবিগঞ্জের নবীগঞ্জে জুমার নামাজ চলাকালে মসজিদের ভেতর এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বনগাঁও গ্রামের একটি মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রুশেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে ইমরুলের ওপর হামলা চালান। মুহূর্তেই গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর পুরো বনগাঁও গ্রামে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এ ধরনের নির্মম ঘটনা তারা জীবনে কখনো দেখেননি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আগের জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এখনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

error: Content is protected !!