মার্কিন জরিপে নির্বাচনের আগে ধোঁয়াশা: কারা এগিয়ে ৪% ব্যবধান নিয়ে

প্রকাশ: ২ মাস আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামী পার্টির ভোট ব্যবধান মাত্র ৪ শতাংশ হতে পারে। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সর্বশেষ জরিপের এই তথ্য জানা গেছে।

জরিপে বলা হয়, আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন ৬ শতাংশ, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোটার। অন্যান্য দলসমূহের ভোটসংখ্যা ৮ শতাংশ।

জরিপে মোট ৪,৯৮৫ জন ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকের সাক্ষাৎকার নেওয়া হয়। বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে; রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা নেয়া হয়নি।

আইআরআই জানিয়েছে, জরিপের আস্থা ৯৫ শতাংশ এবং এর সম্ভাব্য ত্রুটি ১.৪ শতাংশ। জরিপ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এটি একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে সিএপিআই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন করা হয়।

এছাড়া জরিপে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি মানুষের সমর্থন ৬৯ শতাংশ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি ৭০ শতাংশ। আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ৮০ শতাংশ মানুষ।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এই জরিপ ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ শিরোনামে প্রকাশ করেছে।

error: Content is protected !!