দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী চলতি বছরের সকল বিভাগীয় উন্মুক্ত মাঠের তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। শনিবার (৮ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আজহারী লিখেছেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”
তিনি জানান, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।
তবে এবারের পরিস্থিতি ভিন্ন বলে উল্লেখ করেন আজহারী। তার ভাষায়, “বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ পড়েছে। এই অবস্থায় বড় পরিসরে তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না।”
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশাআল্লাহ।
এছাড়া তিনি তার সদ্য প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলেও জানিয়েছেন।
সূত্র: মাওলানা মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক পেজ