মুকুলে সাজছে ঈশ্বরদীর লিচু বাগান, ব্যস্ত চাষিরা

মো. হাসান ইসলাম | ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২ দিন আগে

পাবনার ঈশ্বরদী উপজেলায় লিচু গাছে গাছে দেখা মিলছে মুকুলের। ফাল্গুনের হাওয়ায় কচি পাতার সঙ্গে দোল খাচ্ছে লিচুর মুকুল, আর বাগানে বাড়ছে মৌমাছির আনাগোনা। ভালো ফলনের আশায় গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা।

স্থানীয়ভাবে বোম্বাই, বেদানা, মাদ্রাজি, আঠি, চায়না-৩, চায়না-২ ও কাঁঠালি জাতের লিচুর আবাদ বেশি হয়। এর মধ্যে মাদ্রাজি ও আঠি জাতের গাছে সবার আগে মুকুল আসে বলে জানান চাষিরা।

চাষিদের মতে, বর্তমানে আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূল। না বেশি ঠান্ডা, না বেশি গরম—এমন আবহাওয়া লিচুর মুকুল ও ফলনের জন্য সহায়ক। তাই তারা নিয়মিত গাছের গোড়া পরিষ্কার, সেচ দেওয়া এবং প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে করছেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে ১১ হাজারের বেশি লিচুর বাগান রয়েছে। এর মধ্যে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর আবাদ সবচেয়ে বেশি।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, বর্তমান আবহাওয়া লিচুর জন্য অনুকূলে রয়েছে। নিয়মিত সেচ ও পরিচর্যা অব্যাহত থাকলে এবার প্রতি হেক্টরে ১১ থেকে ১৩ মেট্রিক টন পর্যন্ত লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ভালো ফলন পেতে চাষিদের নিয়মিত বাগান পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

error: Content is protected !!