রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির ওয়ার্কশপে প্রাইভেটকারের গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্কশপের মালিকসহ মোট আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে অবস্থিত ‘মনা মটরস সার্ভিসিং সেন্টার’-এ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা একটি প্রাইভেটকারের গ্যাস লাইন থেকে হঠাৎ লিকেজ শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। সে সময় ওয়ার্কশপে কর্মরত শ্রমিকরা আগুনের কবলে পড়ে দগ্ধ হন। স্থানীয় বাসিন্দা আরমানসহ আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।
পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নিয়ে যাওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—
ওয়ার্কশপের মালিক মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) এবং ইরফান (১১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আটজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মো. মনা ও ইরফান নামে দুজনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। অপর ছয়জনের শরীরের এক থেকে পাঁচ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।