শীতকালে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, শুধু আবহাওয়ার কারণে নয়, শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতিও হাত–পা ঠান্ডা হওয়া ও শরীর দুর্বল হওয়ার জন্য দায়ী। বিশেষ করে ভিটামিন বি১২, আয়রন ও ভিটামিন ডি কমে গেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।
ভিটামিন বি১২ ঘাটতি রক্তে অক্সিজেন কমিয়ে অ্যানিমিয়ার কারণ হয়, ফলে শীত বেশি লাগে। আয়রন অভাবে হাত–পায়ের তাপমাত্রা কমে যায় এবং শরীর দুর্বল হয়। ভিটামিন ডি কম থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, শ্বাসতন্ত্রে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং ঠান্ডা সহ্য করা কঠিন হয়ে ওঠে।
এছাড়া থাইরয়েড সমস্যা, হরমোন পরিবর্তন ও রক্তাল্পতাও শীত অনুভূতিকে তীব্র করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার হাত–পা ঠান্ডা হওয়া, ক্লান্তি, অসাড় আঙুল বা ফ্যাকাশে ত্বক দেখা দিলে রক্ত পরীক্ষা করে পুষ্টির মাত্রা যাচাই করা উচিত। সমাধান হিসেবে ডিম, দুধ, মাছ, মাংস ও সবুজ শাক–সবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।