রাজধানীর ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠনে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রাজধানীর যানজট নিরসনে একটি আধুনিক ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হক–এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বর্তমান ট্রাফিক পরিস্থিতি, সম্ভাব্য সমাধান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত শোনেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগের দিন রোববারও তিনি সচিবালয়ে অফিস করেন।

এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও স্থপতিদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট স্থাপত্য নকশা ও উন্নয়ন বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হয়।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়য়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!