রামগঞ্জে রাতের আঁধারে মৎস্য ঘেরে বি ;’ষ প্রয়োগ, ক্ষতির দাবি ২০ লাখ

মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ঘেরমালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মালিকানাধীন ঘেরে এ ঘটনা ঘটে।

ঘেরমালিক মোফাজ্জল হোসেন জানান, রোববার রাত পর্যন্ত ঘেরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। সোমবার ভোরে ঘেরে গিয়ে তিনি পানির ওপর অসংখ্য মাছ ভেসে থাকতে দেখেন। তার ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা গেছে।

তিনি আরও বলেন, “এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, বিষ প্রয়োগ সংক্রান্ত বিষয়টি কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া প্রয়োজন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ চৌধুরী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!