ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় দাবি করেছেন, দলীয় পক্ষ থেকে তাকে ফোন করে আসন ছাড়তে বলা হয় এবং বিভিন্ন প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
“এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে… বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।”
তিনি আরও বলেন,
“আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে… আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।”
মতবিনিময় সভায় তিনি আরও দাবি করেন, তিনি কারও চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রুমিন ফারহানা তার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সহযোগিতায় তিনি রাজনীতিতে এগিয়েছেন। তিনি মনোনয়ন প্রসঙ্গ নিয়েও বক্তব্য দেন বলে জানা যায়।
এদিকে মতবিনিময় সভায় তাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। তিনি নির্বাচনে ‘হাঁস’ প্রতীক চাইবেন বলেও ঘোষণা দিয়েছেন বলে অনুষ্ঠানে উপস্থিত সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে—এমন তথ্যও বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে।