হাদি হত্যাকাণ্ড: ফয়সালের অবস্থান নিয়ে নিশ্চিত তথ্য নেই— অতিরিক্ত আইজিপি

প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে ‘ডেভিল হান্ট ফেইজ–২’ কার্যক্রম ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরা হয়।
অতিরিক্ত আইজিপি জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে— এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পুলিশের কাছে নেই। তিনি বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হয়, যা তদন্তকে জটিল করে তোলে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সব দিক উন্মোচন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

error: Content is protected !!