শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদের আনন্দে মাতবে সারাদেশ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এর মাধ্যমে শেষ হলো মুসলমানদের এক মাসের সিয়াম সাধনার পবিত্র রমজান।

জাতীয় চাঁদ দেখা কমিটির তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে প্রথমে চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। পরে শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হওয়ার পর ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

এক মাস রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন। দিনটি মুসলিম উম্মাহর জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুক্রবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আফগানিস্তান, মালি ও নাইজারের মতো কয়েকটি দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপনের খবরও পাওয়া গেছে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহসহ দেশের বড় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

দেশ এডিশন পরিবারের
পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ হোক শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বয়ে আনার উপলক্ষ।

error: Content is protected !!