শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত

সাকিব হোসেন, কুষ্টিয়া:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও মানবিক সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদকে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলাকাবাসী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর হলেও ছিল গৌরবোজ্জ্বল ও আবেগঘন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বক্তব্যের মাধ্যমে সম্মাননা পর্বের সূচনা হয়। পরে আলাউদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সম্মাননাপত্র পাঠ করা হয় এবং অতিথিবৃন্দ তার হাতে সম্মাননাপত্র, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ বলেন, আলাউদ্দিন আহমেদ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ গ্রহণ, শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও দরিদ্র মানুষের কল্যাণে তার বিভিন্ন উদ্যোগ সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ফলে ভবিষ্যৎ প্রজন্ম এ কার্যক্রম থেকে অনুপ্রাণিত হবে। তার উদ্যোগে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আবাসন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে চকরঘুয়া এলাকাকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘আলাউদ্দিন নগর’-এ রূপান্তরের উদ্যোগ স্থানীয় উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ।

সম্মাননা গ্রহণ শেষে আলাউদ্দিন আহমেদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

error: Content is protected !!