শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে


মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিস জানিয়েছে, সোমবার সকাল ১১টায় এ মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত বসবে। গত বছরের চব্বিশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলাটি করা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ

রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে সুপ্রিম কোর্ট থেকে সেনা সদর দফতরে সেনা মোতায়েনের চিঠি পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সরাসরি সম্প্রচার করবে বিটিভি

ঐতিহাসিক এ রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এতে দেশব্যাপী জনমতের গভীর আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

৫টি অভিযোগে সর্বোচ্চ শাস্তির আবেদন

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ করেছে প্রসিকিউশন। অপর আসামি, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

খালাস দাবি

অপরদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। একইভাবে রাজসাক্ষী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবীরাও তার খালাস চেয়েছেন।

রায় দেবেন তিন সদস্যের ট্রাইব্যুনাল

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণাকে ঘিরে দেশজুড়ে চলছে নানা আলোচনা ও উত্তেজনা। আগামীকালকের রায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

error: Content is protected !!