শেরপুরে নারীদের নেতৃত্বে অগ্রযাত্রার আহ্বান: “SheLeads” প্রোগ্রামে কর্মসংস্থান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে পরিকল্পনা

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ৭ দিন আগে

শেরপুর সদর আসনে নারীদের সক্রিয় অংশগ্রহণে “Aspiring Women Sherpur – SheLeads” শীর্ষক এক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা নারীদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং শেরপুরকে নারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানী আকতার, কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দাওয়াহ ও তা’লীমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা সুলতানা, কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইতিহাস ও ঐতিহ্য বিভাগীয় সেক্রেটারি।

এছাড়া বক্তব্য রাখেন হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং শেরপুর-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

বক্তারা বলেন, নারীর সম্মানকে রাষ্ট্রীয় নীতির অংশ করতে হবে। পরিবারকে শক্তিশালী না করলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। নারীকে ব্যবহার নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে হবে। নারী মা ও বোন—এই পরিচয়ের মর্যাদা রক্ষা করে তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পিছিয়ে পড়া শেরপুরের সার্বিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, “শেরপুর বদলাবে নারীদের সঙ্গে নিয়েই”—এই বিশ্বাসকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অংশগ্রহণকারীরা মনে করেন, নারীদের নেতৃত্ব, ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

error: Content is protected !!