জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়া ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী পাথী হাফেজ রাশেদুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী শ্রদ্ধেয় হযরত আলীর কন্যা এবং আমার প্রিয় ছোটোবোন প্রিয়াঙ্কা ২০১৮ সালের কঠিন সময়েও ধানের শীষের প্রার্থী হয়ে নির্ভীকভাবে নির্বাচন করেছিলেন। সে সময় ফ্যাসিস্ট গোষ্ঠীর নির্যাতন সত্ত্বেও তিনি সাহসিকতার সঙ্গে রাজনৈতিক ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, “শহীদ কামারুজ্জামানের নেতৃত্বে আমরা একসময় দাঁড়িপাল্লা প্রতীকে একসাথে নির্বাচন করেছি—সেই সময়ের অনেক স্মৃতি আজও দুই দলের কর্মীদের মধ্যে জীবন্ত। বর্তমানে আমরা নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতিতে প্রতিযোগী হিসেবে মাঠে নেমেছি, তবে আমি প্রতিযোগিতাকে দেখি ইতিবাচকভাবে।”
রাশেদুল ইসলাম আরও উল্লেখ করেন, “আমরা দুজনই অবহেলিত শেরপুর সদরকে এগিয়ে নিতে কাজ করছি। জনগণ আমাদের মধ্য থেকে যাকেই বেছে নিক না কেন, সেটি হবে শেরপুরবাসীর বিজয়। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের কল্যাণে অবদান রাখা। ক্ষণিকের এই দুনিয়ায় মানুষের জন্য ভালো কিছু করতে পারা—এটাই প্রকৃত তৃপ্তি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ভিন্ন দলের প্রার্থীর মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ বার্তা শেরপুরের নির্বাচনী রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।