ব্যবসা, নৈতিকতা ও টেকসই সমৃদ্ধির লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য প্রসপারিটি ডায়ালগ’ শীর্ষক এক আলোচনা সভা। স্থানীয় ব্যবসায়ী ও সমাজসচেতন মহলের অংশগ্রহণে আয়োজিত এ সভায় ন্যায়ভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আল আমিন। আইবিডব্লিউএফ (BWF) শেরপুর সংগঠনের সভাপতি মোঃ ফজলে আজীম পরিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ—সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন, “নৈতিকতা, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে ব্যবসা পরিচালিত হলে সমাজে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।” এসময় তিনি ব্যবসায়ীদের সততা ও সামাজিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কুড়া ব্যবসায়ী সেলিম, মোবাইল ব্যবসায়ী মিরাজ আহমেদ, ব্যবসায়ী অলিম এবং টাইলস ব্যবসায়ী পরাগ। বক্তারা ব্যবসায়িক নানা চ্যালেঞ্জ, ন্যায়সংগত লেনদেনের গুরুত্ব এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের সংলাপভিত্তিক আয়োজন ভবিষ্যতে ব্যবসায়িক পরিবেশকে আরও নৈতিক ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।