শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ৪ মাস আগে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এবং শহর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল শিকদার।

কর্মসূচিতে জেলা, শহর ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করা। সেই আদর্শের ধারাবাহিকতায় আজও যুবদল দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের প্রতি আরও নিবেদিত হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় শেরপুরেও প্রাণবন্তভাবে পালিত এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পুরো অনুষ্ঠান জুড়ে “জিয়ার সৈনিক, গণতন্ত্রের রক্ষাকবচ যুবদল” স্লোগানে মুখরিত ছিল মিলনায়তন।

error: Content is protected !!