শেরপুরে সফরকালে শোক ও সহমর্মিতার বার্তা ডা. শফিকুর রহমানের

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শেরপুরে নিহত জামায়াত নেতা প্রভাষক মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের বিচার তিনি জনগণের ওপর ছেড়ে দিচ্ছেন। তিনি মন্তব্য করেন, “যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক—এটা আমরা চাই না।”

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকার বাসিন্দা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনকে ঘিরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাঁর ভাষায়, “সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম, এর বিচার আপনারাই করবেন।”

কবর জিয়ারত শেষে তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি শেরপুর পৌর শহরের দারোগা আলী মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন। এ সময় শেরপুর জেলার তিনটি আসনের প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাকে এক নজর দেখতে শত শত নেতাকর্মী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষের ঢল নামে।

উল্লেখ্য, সভায় উপস্থিত বক্তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

error: Content is protected !!