শেরপুরে এক সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তা পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণ দেখতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের ভূমিকা পালন করে এবং জাতিকে কেমন নির্বাচন উপহার দেওয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি শেরপুর–৩ (শ্রীবরদী) উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনা উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমানের দাবি, বুধবার বিকেলে শেরপুর–৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন গ্রহণকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। তিনি অভিযোগ করেন, এ সময় জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জামায়াতের অর্ধশতাধিক সমর্থক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডা. শফিকুর রহমান তার পোস্টে নিহতের জন্য দোয়া করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।