সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে


বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পাঠদান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস এবং তিনদিন সশরীরে ক্লাস পরিচালনা করা হবে।

মঙ্গলবার রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবহারের চাপ কমানোর লক্ষ্যে এই হাইব্রিড (অনলাইন ও অফলাইন সমন্বিত) পদ্ধতি চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম সচল রাখার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনাও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে শিক্ষামন্ত্রীও শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বিত ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদ্ধতি চালু হলে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে এবং যেকোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হবে।

তবে অভিভাবকদের একটি অংশ অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইন্টারনেট সুবিধা ও ডিভাইস সংকটের বিষয়টি মাথায় রেখে কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!