সামনে কঠিন সময়, তেলের দাম বাড়তে পারে: ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলের সতর্কবার্তা

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে তেলের দাম বাড়তে পারে এবং এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেতে পারে। তবে এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। এই বয়সেও আমাদের বিশ্রাম নেই। প্রতিদিন কাজ করছি দেশের মানুষের কল্যাণে। আমরা বিশ্বাস করি, মানুষের সেবা ও পরিশ্রমই আমাদের জন্য পরকালের সফলতার পথ তৈরি করবে।”

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে প্রভাব পড়ছে। তবে এই অজুহাতে আইন নিজের হাতে তুলে নেওয়া বা পেট্রোল পাম্পে ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

কৃষি খাতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। সরকার কৃষকদের সমস্যা সম্পর্কে সচেতন এবং তাদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের কয়েক কোটি নারীকে সহায়তার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চলমান সব প্রকল্প সম্পন্ন করা হবে এবং সারা দেশে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!