বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসেন খান সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অবস্থান আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অপরাধীদের সতর্ক করা হয়েছে।
মাইকিংয়ে প্রচার করা হয়, বাকেরগঞ্জে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ্য করা হবে না। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি এলাকাকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করা দরকার আমরা তাই করবো। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব। কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।” স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় মাদক ও চাঁদাবাজির অভিযোগ ছিল। নতুন সংসদ সদস্যের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সচেতন মহল মনে করছে, প্রশাসন ও জনপ্রতিনিধির যৌথ উদ্যোগ অব্যাহত থাকলে বাকেরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সম্ভব।