দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ
সিলেটের নাগরিক দুর্ভোগ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিপর্যয় ও পানি সংকট নিরসনসহ একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেটবাসী।
রবিবার (১২ অক্টোবর) সকালে এক ঘণ্টার প্রতীকী শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ শেষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদ সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, “ আমরা আমাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবিগুলোর বিষয়ে সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে চাই। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সিলেটের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন,“সরকার প্রধানকে (প্রধান উপদেষ্টা) অনুরোধ করবো—একবার সড়ক পথে সিলেটে আসুন। তাতে নিজেই দেখবেন, সিলেটবাসীর দুর্ভোগ কতটা ভয়াবহ।”
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,
“উল্লেখিত সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত। গত কয়েক বছর যোগাযোগ খাতে বড় কোনো কাজ হয়নি, এজন্য মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা নাজুক। তবে এখন কাজ শুরু হয়েছে, আশা করি অচিরেই এর সুফল পাওয়া যাবে।”
তিনি আরও যোগ করেন,
“অভ্যন্তরীণ বিমানের সকাল-বিকালের ফ্লাইট ভাড়ার পার্থক্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ভোগ কমাতে অন্তত একটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।”
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী জানান,
“ডিসি মহোদয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং জানিয়েছেন, আজই স্মারকলিপিটি সরকার প্রধানের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শহরে দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে এক ঘণ্টার শাটডাউন কর্মসূচি পালন করা হয়।
সড়ক, রেল, আকাশ যোগাযোগের উন্নয়ন, বিদ্যুৎ বিপর্যয় ও পানি সংকট নিরসনসহ নানা দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দলমত নির্বিশেষে সবাই ব্যানার-ফেস্টুন হাতে উপস্থিত হয়ে সিলেটের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি জানান।