সিলেট সিটির ৩৩ নম্বর ওয়ার্ডে মাটিখেকোদের তাণ্ডব, প্রশাসনের নীরবতা

দেশ এডিশন | সিলেট ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের পাঁচঘরি ধনকান্দি এলাকায় রাতের আঁধারে অবাধে চলছে অবৈধ মাটি কাটার উৎসব। প্রতিবছর শীত মৌসুম এলেই সংঘবদ্ধ মাটিখেকো চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাত ও দিনের আলো—উভয় সময়েই ভারী ভেকু মেশিন ব্যবহার করে নির্বিঘ্নে মাটি কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে প্রবাসীদের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তাদের জমি চিহ্নিত করে মাটি কাটা হচ্ছে। প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি।

আগের অভিযানের পরও ফের দৌরাত্ম্য

গত শীত মৌসুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন জব্দ ও ভেঙে কার্যক্রম বন্ধ করলেও চলতি মৌসুমে আবারও একই কায়দায় মাটি কাটা শুরু হয়েছে। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় মাটিখেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি এলাকাবাসীর।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নীরবতার পাশাপাশি পুলিশের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিয়ম আছে, প্রয়োগ নেই

সিটি কর্পোরেশনের বিধি অনুযায়ী নগর এলাকায় এক কোদাল মাটি কাটতেও অনুমতি প্রয়োজন। অথচ সেই নিয়ম উপেক্ষা করে রাতভর ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

মাদ্রাসা সংলগ্ন এলাকাতেও অবৈধ কার্যক্রম

ধনকান্দি মাদ্রাসার দক্ষিণ সংলগ্ন এলাকায়ও অবৈধ মাটি কাটার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার জানানো হলেও উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

প্রবাসীদের জমি ঝুঁকিতে

প্রবাসীরা জানান, বিদেশে অবস্থান করায় তারা জমির দেখভাল করতে পারছেন না। এই সুযোগে তাদের জমির বড় অংশ কেটে নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণসহ নানা কাজে চরম অনিশ্চয়তা তৈরি করছে।

প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রবাসীদের জমি রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার জোর দাবি জানিয়েছেন।

error: Content is protected !!