নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে মো. শোয়েব (২২) ও একই গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ফাহিম (২৩)। তারা দুজনই প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন শোয়েব ও ফাহিম। পথে বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলচালক নারীটিকে ধাক্কা না দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খান তারা।
দুর্ঘটনায় শোয়েব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম দেশ এডিশনকে জানান, “এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
স্থানীয়রা জানান, নিহত দুই তরুণের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: দেশ এডিশন প্রতিনিধি, নোয়াখালী