নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—মো. বিজয় (২১) এবং মাহমুদুল হাসান (২২)। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন বিজয় ও হাসান। কাটালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দুই তরুণ সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিজয়ের আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর তরুণ হাসানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।