হাদির চিকিৎসায় ১১ দফা সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল এভারকেয়ারের বিশেষ মেডিক্যাল টিম

দেশ এডিশন | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে রোগীর সর্বশেষ চিকিৎসা অবস্থা ও ১১ দফা সিদ্ধান্ত ও পর্যবেক্ষণের তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের পর শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে অপারেশন-পরবর্তী নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, রোগীর মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এখন তাকে কনজারভেটিভ চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সব ধরনের সাপোর্ট অব্যাহত রয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসকরা জানান, ফুসফুসে আঘাতের কারণে চেস্ট ড্রেইন টিউব চালু রাখা হয়েছে এবং সংক্রমণ বা শ্বাসজনিত জটিলতা এড়াতে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত আছে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং তা বজায় রাখতে তরল ব্যবস্থাপনা সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এর আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল, তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান প্রদান করা হচ্ছে।

মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সাপোর্ট চালু রয়েছে এবং জরুরি পরিস্থিতিতে অস্থায়ী পেসমেকার ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের দ্রুত ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

মেডিক্যাল বোর্ড জানায়, রোগীর সামগ্রিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। এই চিকিৎসা সংক্রান্ত সারসংক্ষেপ রোগীর পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন।

এছাড়া অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, কোনো ধরনের অনুমানভিত্তিক বা ভুল তথ্য প্রচার না করা এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিবৃতির শেষে জানানো হয়, মেডিক্যাল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং রোগীর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

error: Content is protected !!