ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই শোকের প্রতিফলন ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের ফেসবুক পোস্টেও।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক শরিফ ওসমান হাদিকে “বীর” হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন,
“শহীদ বীর শরীফ ওসমান হাদি। নামটি মনে রেখো বাংলাদেশ।”
তার এই লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে গত শুক্রবার গুলিবিদ্ধ অবস্থায় হাদির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, মোবাইল ফোনে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন।
গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় শরিফ ওসমান হাদি আহত হন। ওইদিন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন,
“হাদি হয়তো ফিরবে, আরও জোরালো কণ্ঠে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের প্রতিরোধের প্রতীক।”
এই পোস্টের পর থেকেই তিনি হুমকির মুখে পড়েছেন বলে জানান। পরে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেন, সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে একের পর এক ফোন আসছিল, যার কারণে তিনি মোবাইল ফোন বন্ধ রাখতে বাধ্য হন। তার আশঙ্কা, তার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।