হিরো আলমকে গ্রেপ্তার, স্ত্রীর দায়ের করা মামলায় হাতিরঝিল থানায় আটক

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্ত্রী রিয়া মনি দায়ের করা মামলার প্রেক্ষিতে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ।

দুপুরে থানায় উপস্থিত রিয়া মনি বলেন, “হিরো আলমকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ। এজন্য আমিও থানায় এসেছি। তারা এখন চালানের প্রক্রিয়া শুরু করেছে। শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে।”

গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আটক

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই আদেশের ভিত্তিতেই আজ তাকে আটক করা হয়েছে। একই মামলায় আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, “আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং যথাসময়ে আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য আমরা জামিন বাতিলের আবেদন করি। আদালত শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।”

মামলার পটভূমি

মামলার এজাহার অনুযায়ী, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে সাম্প্রতিক সময়ে মনোমালিন্য দেখা দেয়। পরবর্তীতে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ২১ জুন, দুই পরিবারের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল থানাধীন একটি বাসায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালাগাল করেন এবং পরবর্তীতে বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ।

এই হামলায় রিয়া মনির শরীরে জখম সৃষ্টি হয়। পাশাপাশি তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার দু’দিন পর, ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।

বর্তমান অবস্থা

পুলিশ জানিয়েছে, হিরো আলমকে গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত চলছে।

error: Content is protected !!