হিরো আলম গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানালেন রিয়া মনি

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ রাজু।

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তার সাবেক স্ত্রী রিয়া মনি। তিনি বলেন, “আমিও খবরটি শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।”

জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিয়া মনি মামলাটি করেন। একই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়েছে। আদালত তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দেননি। এজন্য বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য সৃষ্টি হয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। গত ২১ জুন মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় ডাকা হলে সেখানে উপস্থিত ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। অভিযোগ অনুযায়ী তারা বাদীর বর্তমান বাসায় জোরপূর্বক প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন চুরি করেন।

এ ঘটনায় ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

error: Content is protected !!