১ দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ৪ মাস আগে

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর)-এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, কোনো ব্যক্তি তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার করতে পারবেন। নির্ধারিত সময়সীমা শেষে যদি কেউ নিজে তা না করেন, তবে বিটিআরসি দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

এছাড়া, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন খুব সহজেই। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠাতে হবে। এরপর এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।

বিটিআরসি জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সিম নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সিম সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠন করা।

গ্রাহকদের সতর্ক করে বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো চিরতরে বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে সেই নাম্বারগুলো পুনরায় ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।

error: Content is protected !!