২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ডিসি গেটের সামনে সমাবেশে মিলিত হন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রী শিবিরের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের সভাপতি ও অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক সহনশীলতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ হত্যাকাণ্ডের ন্যায্য বিচার আজও না হওয়া জাতির জন্য লজ্জাজনক।”
তারা আরও বলেন, “যারা রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের মাধ্যমে সে সময় নিরীহ মানুষ হত্যা করেছিল, তাদের বিচার কার্যকর না হওয়া দুঃখজনক। সরকার পরিবর্তনের পরও এ ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, যা বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিয়েছে।”
সমাবেশ থেকে অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।