জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো কোনো ক্ষতি হয়ে থাকে — আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি—এ কথা বলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলেও একটি সিদ্ধান্ত বেঠিক হতে পারে। সেই একটি সিদ্ধান্তের জন্য যদি জাতির কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই।”
এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান।
জামায়াত আমির আরও বলেন, “রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করবে।”